বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নতুন নেতৃত্বের প্রতি যেমন প্রত্যাশার কথা জানিয়েছেন, তেমনি চলচ্চিত্রের বর্তমান সংকট কাটিয়ে শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট দিয়ে রুবেল বলেন, নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুনদের সুযোগ করে দেওয়ার মধ্য দিয়েই সংগঠন এগিয়ে যায়।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, যে কোনো জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে। নতুনরা আসবে। আর নতুনদের উদ্দেশে শুধু এটুকুই বলব—সৎ থাকবে, কর্মের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করবে। শিল্পী সমিতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আজ চলচ্চিত্র যে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেই অবস্থার পরিবর্তন করে চলচ্চিত্রকেও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”
নতুন নেতৃত্ব নির্বাচিত হলে তাদের পাশে থাকবেন কি না? এমন প্রশ্নের জবাবে রুবেল স্পষ্ট ভাষায় বলেন, তিনি সবসময় চলচ্চিত্রের মানুষ ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
তার ভাষায়, “সব সময় চলচ্চিত্রের পাশে আছি। ছিলাম, আছি এবং মরার আগের দিন পর্যন্ত সঙ্গে আছি। আমাকে আজকের রুবেল বানিয়েছে প্রথমত আল্লাহ, আমার বড় ভাই ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং সিনেমার দর্শক। ফিল্মই আমাকে আজকের রুবেল বানিয়েছে। ফিল্মের বাইরে তো আমি কিছু না। আমার যাবতীয় যা কিছু আছে, সবকিছুই ফিল্মের। তাই ফিল্মের প্রতি সব সময়ই একটা শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, আছে এবং থাকবে।”
এদিকে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া শিল্পী সমিতির ভোটগ্রহণে একে একে অংশ নিচ্ছেন সিনিয়র ও নবীন শিল্পীরা। ভোট শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতেই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নেতৃত্বের নাম।





