পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা শীর্ষক একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও শাহানুর বেগমের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা অসুস্থ পিতা মো. রাব্বির কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি শিশু রাতুলের পড়াশোনার দায়িত্বও নেয় সংগঠনটি।
একই দিনে প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ আরও অনেকে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পর তারেক রহমানের পক্ষে প্রতিনিধি দলটি সরাসরি গিয়ে রাতুলের পরিবার ও শাহানুর বেগমকে এই সহায়তা প্রদান করে।





