
ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কিংবা দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শেখ হাসিনা যা বলছেন, তা তার ব্যক্তিগত বিষয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়।
শ্রিংলা স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকার বা নয়াদিল্লির কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ভারতের সাবেক এই শীর্ষ কূটনীতিক বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক ও দীর্ঘদিনের। বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ ও অগ্রগতির স্বার্থে ভারতের সঙ্গে ইতিবাচক ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাস করে। দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক অংশীদারত্ব আরও জোরদার হওয়া উচিত।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন শ্রিংলা। তিনি বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করাই স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ।
নির্বাচিত নেতৃত্বের সঙ্গে কার্যকর কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা বাংলাদেশ-ভারত সম্পর্কের ধারাবাহিকতার জন্য ইতিবাচক বার্তা বহন করে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
