শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল | চ্যানেল আই অনলাইন

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল | চ্যানেল আই অনলাইন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে বলেছেন, ভারত সরকার হাসিনার কোন বক্তব্যই সমর্থন করে না।

এমনকি শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোন সম্পর্ক নেই বলে জানান রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হাসিনার বক্তব্যে নিয়ে দেশটির সরকারের অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন, ওই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।

তিনি জোর দিয়ে বলেন, ফোরামে দেওয়া বক্তব্যগুলোর প্রতি ভারতের কোনো সমর্থন নেই এবং বিশেষ করে বাংলাদেশের  সরকারের বিষয়ে বলা বক্তব্যকেও ভারত সরকার সমর্থন করে না।

তিনি আরও বলেন, ভারত সরকার পুনর্ব্যক্ত করেছে, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।