শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয় | চ্যানেল আই অনলাইন

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয় | চ্যানেল আই অনলাইন

একদিকে ইকুয়েডরের লাতিন ফুটবলশৈলী, অন্যদিকে আইভরি কোস্টের আফ্রিকান আক্রমণাত্মক ফুটবল। গোল দেখার অপেক্ষায় ছিল গ্যালারি ভর্তি দর্শক। সেই গোলের দেখা মিলেছে একদম ৯০তম মিনিটে। ১২ বছর পর বিশ্বকাপ খেলতে এসে শেষ মুহূর্তের গোলে জয়ে নিয়ে মাঠ ছেড়েছে আইভরি কোস্ট। 

ম্যাচজুড়ে দুদল মিলিয়ে লক্ষ্য বরাবর শট চালিয়েছে সবে পাঁচটি, যার মধ্যে ইকুয়েডরের ছিল কেবল ১টি শট। এরমাঝে আবার ১টি করে শট বার পোস্টে লেগে ফিরেছে উভয় দলেরই।

১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে আইভরি কোস্ট, তবে ইকুয়েডর ২০০২ থেকে চলতি বিশ্বকাপের মধ্যে কেবল জায়গা পায়নি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। ফিরে এসে শেষ মুহূর্তেই আলো ছড়াল আফ্রিকার দেশটি।

ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইকুয়েডরের। অ্যালান মিন্দার শট পোস্টের উপরে লেগে ফিরে আসে। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আবারও বাধা হয় পোস্ট। এবার আইভরি কোস্টের, শট নিয়েছিলেন এলি ওয়াহি। এরপর ম্যাচের ঠিক ৯০তম মিনিটে আমাদ ডায়ালোর গোলে শেষ মুহূর্তে লিড পেয়ে যায় আইভরি। সেই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

গ্রুপ ‘ই’তে একটি করে ম্যাচ শেষে ১ জয়ে শীর্ষে জার্মানি দুইয়ে আইভরি, তিনে আছে ইকুয়েডর এবং তলানিতে রয়েছে নবাগত কুরাসাও।