শেষ বত্রিশে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও স্বস্তিতে নেই ব্রাজিল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতার চোট নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পাকুয়েতা। তার বদলি হিসেবে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক।
মঙ্গলবার সিবিএফ জানায়, পরীক্ষায় পাকুয়েতার বাঁ উরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
এক বিবৃতিতে সিবিএফ বলেছে, জাতীয় দলের মেডিকেল দলের তত্ত্বাবধানে পাকুয়েতার নিবিড় চিকিৎসা চলছে। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে রাফিনিয়ার ইনজুরি নিয়ে উদ্বেগে ছিল ব্রাজিল শিবির। এবার পাকুয়েতার চোট কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নতুন ধাক্কা দিল। ফলে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে মাঝমাঠের সমীকরণ নতুন করে সাজাতে হতে পারে তাকে।
আরও পড়ুনঃ এবার একাকীত্ব দূর করবে মানুষসদৃশ রোবট
আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতিহাস বলছে, নরওয়ের বিপক্ষে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি সেলেসাওরা।




