ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ মঙ্গলবার (২১ এপ্রিল)।
ইসি জানিয়েছে, মঙ্গলবার বিকাল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এরপর ২২ ও ২৩ এপ্রিল এসব মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। পরদিন ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সেই হিসাব অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পেতে পারে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জোট একটি আসন।
নির্বাচন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, জোটগুলো যদি নির্ধারিত সংখ্যার বেশি প্রার্থী না দেয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।
এদিকে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও প্রায় সম্পন্ন। বিএনপি জোট ইতোমধ্যে তাদের ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে এবং দলীয় মনোনয়ন দিয়েছে। অপরদিকে জামায়াত জোটও ১৩ জনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কোনো আইনি জটিলতা বা প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসি থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী। বাকি প্রার্থীরা শেষ দিনেই মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।






