সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, উত্থাপন হবে ১৩৩ অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, উত্থাপন হবে ১৩৩ অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১১ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশ যাচাই বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি নির্ধারণ করবে কোন অধ্যাদেশগুলো বহাল থাকবে এবং কোনগুলো বাতিল বলে গণ্য হবে।

তিনি আরও জানান, বর্তমান সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রথম দিন একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এরপর সংসদ নেতার প্রস্তাবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী গ্রহণ করবেন।

সালাহউদ্দিন আহমদ জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। পুনরায় অধিবেশন শুরু হলে স্পিকার সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করবেন।

এছাড়া প্রথম দিনেই প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন, আইনমন্ত্রী কর্তৃক প্রয়োজনীয় অধ্যাদেশ পেশ এবং কার্য উপদেষ্টা কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সব শেষে রাষ্ট্রপতি তার দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন এবং এরপর অধিবেশন মুলতবি করা হবে।

এর আগে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আসন্ন সংসদ অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এনএন/ ১১ মার্চ ২০২৬