সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ | চ্যানেল আই অনলাইন

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ | চ্যানেল আই অনলাইন

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৩ আগস্ট) এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ২১ জুলাই জারি করা নির্দেশনার ধারাবাহিকতায় এই নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত নির্দিষ্ট যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট ও ভীতিকর শব্দ উৎপাদনকারী হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর মতে, অননুমোদিত হর্নের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং এটি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। পাশাপাশি এ ধরনের বিকট শব্দ চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

সংস্থাটি আরও জানায়, বর্তমানে বিভিন্ন ধরনের যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটারের নির্বিচার ব্যবহার জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে এ ধরনের শব্দ সৃষ্টিকারী অননুমোদিত হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।