
ব্রাসিলিয়া, ২৭ জুলাই – ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে নিয়ে সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই থামছে না। সম্প্রতি অনুশীলন বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে শাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের হয়ে দুই গোল করে মাঠেই সেই সমালোচনার জবাব দেন এই ফরোয়ার্ড। কিন্তু ম্যাচ শেষে ড্রেসিংরুমে তার আচরণ নিয়ে নতুন করে অভিযোগ উঠেছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের দাবি অনুযায়ী, দুই দুই গোলে ড্র হওয়া ম্যাচটির বিরতির সময় নেইমার তার তরুণ সতীর্থদের কঠোর ভাষায় তিরস্কার করেন।
প্রতিবেদনে বলা হয়, তিনি গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে লক্ষ্য করে কটু মন্তব্য করেন এবং তাকে আগামী মৌসুমে অন্য দলে চলে যেতে বলেন। এছাড়া আত্মঘাতী গোল করা মিডফিল্ডার জোয়াও আনানিয়াসের কৌশলগত দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এসব অভিযোগকে বিদ্বেষপূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি জানান, ড্রেসিংরুমে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নয় বরং পুরো দলকেই তিরস্কার করা হয়েছে।
নেইমারের ভাষ্যমতে, হারের পর বা খারাপ পারফরম্যান্সের পর ড্রেসিংরুমে একে অপরকে উৎসাহিত বা সমালোচনা করা ফুটবলের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, আমরা সবাই জয়ের জন্য খেলি। সেখানে আলোচনা বা সমালোচনা হতেই পারে। যারা ফুটবল বোঝে না তারাই এসব মিথ্যা ছড়িয়ে বিতর্ক তৈরি করতে চায়।
ম্যাচ চলাকালীনও নেইমার বেশ কিছু নাটকীয় মুহূর্তের জন্ম দেন। ৩৬তম মিনিটে গোল করার পর পোকার খেলার ভঙ্গি করে উদযাপন করেন তিনি। এছাড়া কর্নার ফ্ল্যাগ দিয়ে গলফ খেলার ভঙ্গি করে সমালোচকদের ব্যঙ্গ করেন। তবে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে হলুদ কার্ড পাওয়ায় পরবর্তী ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।
এনএন/ ২৭ জুলাই ২০২৬






