সদরঘাটে লঞ্চে সংঘর্ষ: দুই নৌযানের রুট পারমিট বাতিল | চ্যানেল আই অনলাইন

সদরঘাটে লঞ্চে সংঘর্ষ: দুই নৌযানের রুট পারমিট বাতিল | চ্যানেল আই অনলাইন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে।

নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দায় নির্ধারণের ভিত্তিতে ‘এমভি আশা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের রুট পারমিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

একই সঙ্গে ঘটনা তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে এমন অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

হতাহতদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান আশঙ্কামুক্ত রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান রাতে সাময়িকভাবে বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে তা পুনরায় জোরদার করা হবে।

বুধবার বিকেলে সদরঘাটে যাত্রী ওঠানোর সময় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মো. সোহেল নামে এক যুবক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

ঈদ ও পোশাক কারখানার ছুটিকে কেন্দ্র করে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।