২২ জুন ছিল ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিন। স্বাভাবিকভাবেই দর্শক, জনগণ, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
কিন্তু বিশেষ একজনের কাছ থেকে পাওয়া যায়নি কোনো বার্তা। তিনি হলে অভিনেত্রী তৃষা কৃষ্ণান। বিজয়ের সহকর্মী, কথিত প্রেমিকা।
জন্মদিনের বার্তা না দেওয়া ইস্যুতে গুঞ্জন ওঠে, বিজয়কে নাকি ইনস্টাগ্রামেও আনফলো করেছেন তৃষা। দুজনের মধ্যকার সম্পর্কে চিড় ধরার কথাও বলাবলি হচ্ছিল। কিন্তু সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিলেন তৃষা।
২৩ জুন রাতে প্রেমময় এক ছবি দিয়ে নেটিজেনদের ঘুম কেড়ে নিলেন অভিনেত্রী। ছবিতে দেখা গেল, তৃষার সঙ্গে বসেই একান্তে জন্মদিনের কেক কাটছেন বিজয়। দুজনের মুখেই আনন্দের হাসি।
ছবির ক্যাপশনে তৃষা ইঙ্গিত করেন, জন্মদিনের প্রথম মুহূর্ত তার সঙ্গেই কেটেছে বিজয়ের। সময়ের আভাস হিসেবে ‘০০.০০’ উল্লেখ করেছেন অভিনেত্রী। তৃষা আরো লিখেছেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।
তৃষার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ১৫ ঘণ্টায় এতে ৪৪ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্য প্রায় তিন লাখ! বোঝাই যাচ্ছে, বিজয়-তৃষাকে একসঙ্গে এমন হাস্যোজ্জ্বল দেখে ভক্তদের আনন্দের সীমা নেই।





