সমবেত কণ্ঠে বগুড়ায় শুরু সংগীতের মহাযজ্ঞ | চ্যানেল আই অনলাইন

সমবেত কণ্ঠে বগুড়ায় শুরু সংগীতের মহাযজ্ঞ | চ্যানেল আই অনলাইন

উৎসবের শহর বগুড়ায় শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত আয়োজন ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর ২০তম আসর। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের পর্দা উঠে সমবেত সংগীতের মধ্য দিয়ে।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠেন দেশের প্রবীণ ও নবীন প্রজন্মের একঝাঁক শিল্পী। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ধনধান্যে পুষ্পে ভরা’ এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’- যা দিয়ে শুরুতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ।

এ সময় মঞ্চে দেখা গেছে খুরশীদ আলম, রফিকুল আলম, অনিমা রায়, আতিয়া আনিসা, মেজবাহ বাপ্পী, রোমানা ইসলাম, সাব্বির রহমান, লুইপা, সাবরিনা সাবাসহ অনেক শিল্পীকে।

বগুড়ার মম ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই মহাযজ্ঞে উপস্থিত আছেন চ্যানেল আই ও টিএমএসএস পরিবারের সদস্যরা। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ব্যাপক এই আয়োজনের সার্বিক দিক নিয়ে কথা বলেন। এসময় তিনি দেশের সব শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি টিএমএসএসকে এই আয়োজনের পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জানান।

ফরিদুর রেজা সাগর এসময় বলেন, আমরা সব সময় শিল্পীদের চ্যানেল আইয়ের পরিবারের অংশ মনে করি। এসময় তিনি একটি ঘোষণা দিয়ে বলেন,“প্রয়াত আজম খানের ‘উচ্চারণ’ ব্যান্ডটি হারিয়ে যাচ্ছিল। আমরা তাদের খুঁজে বের করেছি। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এই আয়োজনের পর আবার তারা তাদের কার্যক্রম শুরু করবে।”

এর আগে গতকাল থেকে থেকেই বগুড়া শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। দুদিন ধরে ব্যান্ড পার্টির বাজনা, রঙিন ব্যানার-ফেস্টুন আর তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুরো শহর।

২০০৪ সালে যাত্রা শুরু করা এই আয়োজন এবার উদযাপন করছে তার ২০তম আসর। এবারের আয়োজনে আজীবন সম্মাননাসহ মোট ১৯টি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তী শিল্পী কনকচাঁপা এবং বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন লোকসংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

শুধু সংগীতশিল্পীই নয়, বিনোদন অঙ্গনের নানা তারকার উপস্থিতিতে জমে উঠেছে পুরো আয়োজন। মঞ্চে পরিবেশনা করতে যাচ্ছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কোনাল, ঝিলিক, ইমরান মাহমুদুল, লিজা, লুইপাসহ জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নীল হুরেজাহান।