সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

সাইফুল ইসলাম: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জকে একটি সুন্দর ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে নতুন শাড়ি দেওয়া হচ্ছে, যাতে উপকারভোগীরা আনন্দের সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন। মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং জনকল্যাণে পর্যায়ক্রমে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগ অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের ও জনগণের স্বার্থে সরকারের পাশে থেকে জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ১৯২ জন দুস্থ মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।