সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত | চ্যানেল আই অনলাইন

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা উত্তোলনে বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী ১০ লাখ টাকার বেশি অর্থও তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফা থেকে কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা অর্থ কর্তন করা হবে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ সালে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরতের কার্যক্রম বর্তমানে চলমান। তবে গ্রাহকদের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা শিথিল করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে চলমান স্কিমে থাকা নির্ধারিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

নতুন সুবিধা চালুর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে আমানতের মুনাফা থেকে ‘হেয়ারকাট’ বা অর্থ কেটে নেওয়া হবে কি না, তা নিয়েও গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছিল। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্ট করে দিয়েছেন, আমানতকারীদের প্রাপ্য মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না। ব্যাংক কর্তৃপক্ষকে প্রত্যেক আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা জরুরি প্রয়োজনে নিজেদের আমানত থেকে আগের সীমাবদ্ধতার তুলনায় বেশি অর্থ উত্তোলন করতে পারবেন।