সরকারের ১৮০ দিন: বিএনপির চরম ব্যর্থতার অভিযোগ নাহিদ ইসলামের – DesheBideshe

সরকারের ১৮০ দিন: বিএনপির চরম ব্যর্থতার অভিযোগ নাহিদ ইসলামের – DesheBideshe


ঢাকা, ২৪ আগস্ট – সরকার গঠনের ১৮০ দিনে বিএনপি নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর বাংলামোটরে দলটির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, বিএনপি সরকার তাদের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে যে ই-বুক প্রকাশ করেছে, তাতে দেখা যায় তারা দেওয়া অধিকাংশ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। দেশের বর্তমান সংকটের বিষয়ে সরকারের কোনো জবাবদিহিতা নেই।

তিনি উল্লেখ করেন, সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা তিনটি প্রধান বিষয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জ্বালানি সংকট নিয়ে নাহিদ ইসলাম বলেন, মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের ভয়াবহ সংকট দেখা দিয়েছিল। সেই সময় জাতীয় সংসদে সংকট মোকাবিলায় একটি কমিটি গঠন করে প্রস্তাবনা তৈরি করা হলেও সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিজ্ঞতাহীন প্রভাবশালী গোষ্ঠী জ্বালানি ব্যবসায় প্রবেশ করায় স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে।

গ্যাসের সংকট প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় ঢাকার মতো শহরে দীর্ঘ সময় চুলা জ্বলছে না। শিল্প কারখানাতেও গ্যাসের চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সংকট সমাধানে পরিকল্পিত কোনো উদ্যোগ নেই বলেও তিনি দাবি করেন।

এনএন/ ২৪ আগস্ট ২০২৬