সহ-প্রতিষ্ঠাতার সরে দাঁড়ানোর ঘোষণা, চাপে নেটফ্লিক্স! | চ্যানেল আই অনলাইন

সহ-প্রতিষ্ঠাতার সরে দাঁড়ানোর ঘোষণা, চাপে নেটফ্লিক্স! | চ্যানেল আই অনলাইন

বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর সহ-প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী জুন মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন তিনি।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত নেটফ্লিক্সকে ডিভিডি ভাড়া পরিষেবা থেকে বৈশ্বিক স্ট্রিমিং জায়ান্টে পরিণত করার পেছনে হেস্টিংসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। প্রায় তিন দশক নেতৃত্ব দেওয়ার পর তার এই বিদায়কে কোম্পানির জন্য বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

হেস্টিংসের সরে দাঁড়ানোর ঘোষণার পাশাপাশি কোম্পানির দুর্বল আর্থিক পূর্বাভাস বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে! এর প্রভাব সরাসরি পড়ে শেয়ারবাজারে, ঘোষণার পরপরই নেটফ্লিক্সের শেয়ারমূল্য প্রায় ৯ শতাংশের বেশি কমে যায়।

যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো আয় করেছে প্রতিষ্ঠানটি। প্রতি শেয়ারে আয় দাঁড়িয়েছে ১ দশমিক ২৩ ডলার, যা বিশ্লেষকদের অনুমানের চেয়ে বেশি। একই সময়ে কোম্পানির মোট রাজস্ব ছিল প্রায় ১২ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং নিট আয় ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।

তবে দ্বিতীয় প্রান্তিকের জন্য দেওয়া পূর্বাভাস প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাশাপাশি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-কে অধিগ্রহণের ব্যর্থ প্রচেষ্টাও কোম্পানির কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।

নেটফ্লিক্স জানিয়েছে, ভবিষ্যতে হেস্টিংস তার দাতব্য কার্যক্রম (সমাজসেবা) ও অন্যান্য ব্যক্তিগত উদ্যোগে বেশি সময় দিতে চান। ইতোমধ্যেই তিনি ধীরে ধীরে দায়িত্ব কমিয়ে আনছিলেন। বর্তমানে সহ-প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন টেড সারান্ডোস এবং গ্রেগ পিটার্স।

বিশ্লেষকদের মতে, হেস্টিংসের বিদায় এবং বিনিয়োগকারীদের চাপ; দুটি বিষয়ই নেটফ্লিক্সের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব সামলে সামনে কতোটা সফল হয় প্রতিষ্ঠানটি, সেটাই এখন দেখার বিষয়। ফিনানশিয়াল টাইমস