ঢাকা, ৬ মার্চ – রাজধানীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি মনে করেন, সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা যথাযথভাবে তুলে ধরেন তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব হয়। শুক্রবার লালবাগে বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের (বিজেএ) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, সাংবাদিকরা সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন।
তাই তাদের কাছে প্রত্যাশা থাকবে যে তারা যেন ইতিবাচক সমালোচনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখেন। এ সময় তিনি ঢাকা শহরে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে হামিদুর রহমান হামিদকে অত্যন্ত কার্যকর একজন জনপ্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই হামিদুর রহমান জনগণের সেবায় কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। শহরের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। এ ছাড়া নগরীর খাল বিল ও নালায় যাতে কেউ ময়লা আবর্জনা বা পলিথিন না ফেলে সে বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আব্দুস সালাম আরও বলেন, ঢাকা শহরের লাইটিং ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা আমাদের বা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জানাবেন। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি নিশ্চয়তা দেন। তিনি আরও উল্লেখ করেন যে, সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে।
সাংবাদিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ, সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।
এম ম/ ৬ মার্চ ২০২৬






