<![CDATA[
আইপিএলের চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং বোর্ডের অসম্মতি থাকায় শেষমেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার। তার পরিবর্তে ইংলিশ ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব দেশের ক্রিকেটে মতোই আলো ছড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে বাংলাদেশের হয়ে ৯ বার অংশ নিয়েছেন সাকিব। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছেন ৭ বার। আর সেই সময়ের মধ্যে দলটিকে দুইবার শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা।
সাকিবের মতো অলরাউন্ডারকে দলে পেতে যে কোনো ফ্র্যাঞ্চাইজিরই থাকে বেশ আগ্রহ। কলকাতা নাইট রাইডার্সও তার বিপরীত নয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, সাকিবকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল কেকেআর। তবে তাদের দেয়া প্রস্তাবগুলোতে বিসিবি কোনো আগ্রহ না দেখানোয় শেষমেশ পিছু হটে দলটি।
আরও পড়ুন: সাকিবকে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছিল কলকাতা
তবে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি কলকাতাকে বেশ ভোগাবে বলে মনে করছেন অনেকেই। সেই তালিকায় আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানও।
চোটের কারণে কলকাতা এবার পাচ্ছে না নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও। সাকিব নাম সরিয়ে নেয়ায় মিডল অর্ডারে একটি শূন্যতা তৈরি হয়েছে। সেরা ফর্মে নেই ভেঙ্কটেস আইয়ার, অনুকূল রয় ও নীতিশ রানাদের কেউই। অন্যদিকে ব্যাটে বলে দারুণ পারফর্ম করছেন সাকিব আল হাসান। তাই পাঠানের মতে, কলকাতার হয়ে তিন-চার নম্বরে ব্যাটিংয়ের সঙ্গে চার ওভার বোলিংও করে দিতে পারতেন সাকিব। আর সেই সুযোগটাই কলকাতা হারিয়েছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: রশিদের সঙ্গে সেহরিতে শামিল হয়ে প্রশংসিত পান্ডিয়া
ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে ইউসুফ পাঠান বলেছেন, ‘সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার। তিন-চার নম্বরে ব্যাট করার পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারে। কলকাতার যে ব্যাটিং লাইনআপ, তাতে আইয়ারের পর সাকিবও না থাকায় কলকাতা ব্যাটিংয়ে ভুগবে।’
মূলত জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলের শুরু আর শেষ ভাগে খেলার সুযোগ ছিল না সাকিবের। যদিও কলকাতা এমন একজন ক্রিকেটারকে চাইছিল যে কিনা পুরো আইপিএলে খেলতে পারবেন। এ কারণেই তারা সাকিবকে না প্রত্যাহার করে নেয়ার প্রস্তাব দিয়েছিল।
]]>



