সাড়ে ৫ কোটি টাকায় কুমিল্লায় সিনেপ্লেক্স, চালু হচ্ছে ঈদে | চ্যানেল আই অনলাইন

সাড়ে ৫ কোটি টাকায় কুমিল্লায় সিনেপ্লেক্স, চালু হচ্ছে ঈদে | চ্যানেল আই অনলাইন

আসন্ন ঈদে কুমিল্লায় চালু হতে যাচ্ছে কে-স্ক্রিন সিনেপ্লেক্স। হলটি নির্মিত হয়েছে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর নেতৃত্বে। এটি কুমিল্লার ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় গোমতি শপিং সেন্টারের আট তলায় অবস্থিত।

কেস্ক্রিন সিনেপ্লেক্স-এ ২০০ ও ২৫০ আসনের দুটি স্ক্রিন থাকছে। খোরশেদ আলম খসরু জানান, এতে ৮:১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি প্রজেকশন ব্যবহার করা হয়েছে। আরও আছে ফুড কোর্ট। সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে।

খোরশেদ আলম খসরু মূলত সিনেমার প্রযোজক। সর্বশেষ তিনি গলুই ও ইনসাফ সিনেমা প্রযোজনা করেছিলেন। এর আগে বহু সিনেমা তার টিওটি ফিল্মস থেকে নির্মিত হয়েছে।

খসরু বলেন, সিনেমার সঙ্গে আমার দীর্ঘদিনের বববাস। আমি সিনেমা প্রযোজনা, পরিচালনা করছি দুই দশকের বেশি সময় ধরে। পাশাপাশি বেশ কিছু সিনেমা হল পরিচালনার সঙ্গেও সম্পৃক্ত ছিলাম। সে জায়গা থেকে জানি দর্শক এখন আর আগের ভাঙাচোরা হলে ছবি দেখতে চায় না।

তিনি জানান, টিকেট মূল্য দেশের অন্যান্য সিনেপ্লেক্সগুলোর সঙ্গে সামঞ্জস্য করেই নির্ধারণ করা হচ্ছে। প্রদর্শনের ক্ষেত্রে দেশীয় সিনেমাকে প্রাধান্য দিবেন বলেও জানান এই সিনেমা ব্যবসায়ী।