সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের তথ্য দিলো পুলিশ সদর দপ্তর – DesheBideshe

সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের তথ্য দিলো পুলিশ সদর দপ্তর – DesheBideshe


বাংলাদেশ পুলিশ

ঢাকা, ৩ সেপ্টেম্বর – চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে সারাদেশে মোট ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী নিখোঁজ শিশুদের মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন ইতিমধ্যে উদ্ধার হয়েছে অথবা পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে যা মোট নিখোঁজ সংখ্যার প্রায় ১৩ শতাংশ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এসব তথ্য জানায়। তথ্যানুসারে শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যে ৪৭৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে যাদের মধ্যে ৪০৬ জন উদ্ধার হলেও ৬৮ জন এখনো নিখোঁজ।

অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর কিশোরীদের নিখোঁজের হার বেশি। এই বয়সী ১৫ হাজার ২৪৩ জনের নিখোঁজের জিডি করা হয় যাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন ফিরে এলেও ১ হাজার ৯৭০ জনের খোঁজ এখনো পাওয়া যায়নি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শিশু নিখোঁজ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষাপটে এই ব্যাখ্যা দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয় গণমাধ্যমে নিখোঁজ হওয়ার তথ্য থাকলেও কতজন ফিরে এসেছে তা উল্লেখ না থাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

পুলিশ জানায় ছোট শিশুদের ক্ষেত্রে পথ হারানো বা ঠিকানা বলতে না পারা নিখোঁজ হওয়ার প্রধান কারণ। তবে ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে পারিবারিক কলহ পড়াশোনার চাপ অভিমানে ঘর ছাড়া কিংবা স্বাধীনভাবে চলার আকাঙ্ক্ষার মতো বিষয়গুলো দায়ী। অনলাইনে জিডি করার সুবিধা থাকায় বর্তমানে নিখোঁজ সংক্রান্ত অভিযোগের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে ২০২৩ সালে শিশু নিখোঁজের জিডি ছিল ১৭ হাজার ৮০৮টি এবং ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৪টিতে।

এনএন/ ৩ সেপ্টেম্বর ২০২৬