ঢাকার অদূরে সাভারে প্রায় ৩০ ঘণ্টার ব্যবধানে পৃথক ৪টি স্থান থেকে ৩ নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীদের মধ্যে দুজন পোশাক কারখানার শ্রমিক ও একজন গৃহবধূ। তাঁদের কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউবা ঋণগ্রস্ত হয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে একটি ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানা-পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া ইউনিয়নের পল্লিবিদ্যুৎ এলাকায় হাজী খালেকের বাসা থেকে আঁখি আক্তার (২৪) নামের এক পোশাকশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী জাহিদ হাসান (২৭) অন্য জায়গায় থাকতেন। আজ সকালে জাহিদ এসে পারিবারিক কলহের জেরে আঁখির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন তিনি। ঘটনার পর জাহিদকে আটক করেছে পুলিশ।
নিহত আঁখি আক্তার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কবিরাজপাড়া গ্রামের আবেদ আলীর মেয়ে। আটক জাহিদ পাশের নালিতাবাড়ী উপজেলার সিটপাড়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বাসার খাটের ওপর থেকে আঁখির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




