সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চারদিনের সরকারি সফরে সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার (৯ আগস্ট) সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে তিনি সে দেশে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সফরকালে প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন।

সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন, যারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামীকাল সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় তাদের এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

নতুন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে এটি প্রথম উচ্চপর্যায়ের সফর। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।