
অস্ট্রেলিয়ার সিডনিতে দর্শকদের মুগ্ধ করার পর এবার মেলবোর্ন মাতাতে প্রস্তুত বাংলাদেশের রকসংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস। আগামী ১৯ সেপ্টেম্বর মেলবোর্নের উইলিয়ামস্টাউন টাউন হলে অনুষ্ঠিত হবে তাঁর বিশেষ কনসার্ট।
‘সাউথলাইভ ফেস্ট ২০২৬’ আয়োজনের অংশ হিসেবে মঞ্চে উঠবেন জেমস। আয়োজকদের ভাষায়, এটি শুধু একটি কনসার্ট নয়; তিন দশকের বেশি সময় ধরে যে কণ্ঠ একটি প্রজন্মের স্মৃতি, ভালোবাসা, বিদ্রোহ ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে, সেই কণ্ঠকে সরাসরি শোনার বিশেষ আয়োজন।
গত ১২ সেপ্টেম্বর সিডনিতে কনসার্টে গান গেয়ে দর্শকদের মাতিয়েছেন জেমস। সেই আয়োজনে তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম। জেমসের গানে সেদিন উচ্ছ্বাসে ভেসেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সংগীতপ্রেমীরা। সিডনির সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার মেলবোর্নের শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন নগরবাউল।
জেমসের মেলবোর্ন কনসার্ট ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আয়োজকেরা বলছেন, তাঁর তিন দশকের সংগীতযাত্রায় অসংখ্য গান মানুষের জীবনের নানা মুহূর্তের সঙ্গে মিশে আছে। প্রেম-বিরহ, তারুণ্যের উচ্ছ্বাস, প্রতিবাদ কিংবা নস্টালজিয়া- জেমসের গান এখনো একইভাবে ছুঁয়ে যায় একাধিক প্রজন্মকে।
আয়োজকরা জানান, মেলবোর্নের কনসার্টে জেমসের জনপ্রিয় গানগুলো শোনার পাশাপাশি দর্শকেরা পাবেন তাঁর সেই চেনা মঞ্চ-উন্মাদনার স্বাদ। আয়োজকদের প্রচারে তাই বলা হয়েছে, মেলবোর্নের জন্য এবারের রাতটি হবে ‘বিশেষ’।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
