রায়হান রাফীর বহুল আলোচিত হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে একের পর এক চরিত্র উন্মোচন করা হচ্ছে। এবার সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র ‘ইন্সপেক্টর মনোয়ার’ হিসেবে অভিনেতা মোস্তফা মনোয়ারকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সহশিল্পীকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন সিয়াম।
সিনেমাটিতে নিজের চরিত্রের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র থাকার বিষয়টি কীভাবে মেনে নিয়েছিলেন, সেই গল্পও তুলে ধরেছেন সিয়াম। তিনি জানান, ‘আন্ধার’-এর গল্প শোনানোর আগে শাকিব ভাই (শাকিব চৌধুরী) ও আদনান ভাই তাকে বেশ কিছু শর্ত দিয়েছিলেন।
শেষ শর্ত হিসেবে তাকে বলা হয়, সাধারণত বাংলা সিনেমা নায়ককেন্দ্রিক হলেও ‘আন্ধার’-এ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে, যারা তার স্ক্রিনটাইমে ভাগ বসাবে। গল্পের স্বার্থে বিষয়টি মেনে নিতে হবে।
সিয়াম জানান, এতে তার কোনো আপত্তি ছিল না। কারণ তার কাছে সিনেমা একটি দলগত কাজ। তবে গল্প শোনার পর তার প্রথম প্রশ্নই ছিল- ‘ইন্সপেক্টর মনোয়ার চরিত্রটা কে করছেন?’
সেই প্রশ্নের উত্তরেই সামনে আসে মোস্তফা মনোয়ারের নাম। সিয়ামের ভাষায়, মোস্তফা মনোয়ার ‘একজন দুর্দান্ত অভিনয়শিল্পী’। সিনেমাটিতে ক্যামেরার সামনে ও পেছনে প্রায় পুরো সময়ই তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সিয়াম। আর সেই অভিজ্ঞতাকে তিনি বিশেষ বলে উল্লেখ করেছেন।
সহশিল্পীর সঙ্গে কাজের অনুভূতি জানাতে গিয়ে সিয়াম লিখেছেন, মোস্তফা মনোয়ারের সঙ্গে তার তৈরি হওয়া বন্ধন সবসময়ই হৃদয়ের বিশেষ জায়গা দখল করে থাকবে। তার সঙ্গে পর্দা ভাগ করে যে আনন্দ পেয়েছেন, দর্শকরাও সেই ‘ম্যাজিক’ অনুভব করবেন বলে আশা করছেন এই অভিনেতা।
এরপরই আনুষ্ঠানিকভাবে মোস্তফা মনোয়ারকে ‘ইন্সপেক্টর মনোয়ার’ চরিত্রে পরিচয় করিয়ে দেন সিয়াম। এর আগে নির্মাতা রায়হান রাফী ‘আন্ধার’-এর শমসের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং অন্যান্য চরিত্রের ঝলক প্রকাশ করে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছেন। এবার সিয়ামের পোস্টে মোস্তফা মনোয়ারের চরিত্র সামনে এলো।
বাংলাদেশের অন্যতম বড় বাজেটের হরর সিনেমা হিসেবে আলোচিত ‘আন্ধার’ পরিচালনা করছেন রায়হান রাফী। এতে সিয়াম আহমেদ ও মোস্তফা মনোয়ারের পাশাপাশি অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ আরও অনেকে।
অক্টোবরের দুর্গাপূজার ছুটিতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।


