সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান

সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান

সুয়েব রানা : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল বলে তাদের বিশ্বাস। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করায় তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে তার প্রতি বিশেষ ক্ষোভ ছিল। তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই সিলেটের একটি মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকলেও পুলিশ নিরস্ত্র মিছিলকারীদের ওপর গুলি চালায় এবং সবার সামনে সাংবাদিক এটিএম তুরাব নিহত হন। ঘটনার বিচার না হওয়ায় তার পরিবার এখনও হতাশায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মিফতাহ সিদ্দিকী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় কিছু সাংবাদিক তৎকালীন সরকারের পক্ষে কাজ করেছিলেন এবং এখনও পলাতক স্বৈরাচারের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি অ্যাওয়ার্ড অব্যাহত রাখার জন্য সিলেট অনলাইন প্রেসক্লাবকে উৎসাহিত করেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে চারজন সাংবাদিকের হাতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত কুমার দাস, চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার আজহার উদ্দিন শিমুল এবং বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী।

অনুষ্ঠানে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানকালীন অথবা পরবর্তী সময়ে প্রকাশিত ও সম্প্রচারিত বস্তুনিষ্ঠ এবং সাহসী সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে জুরিবোর্ডের সুপারিশের ভিত্তিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের জুরিবোর্ডে ছিলেন সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ এবং মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি রেজাউল করিম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবু জাবুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্নাসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

শেষে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরাও তাদের অনুভূতি প্রকাশ করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাব গত বছর থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।