সীমান্তে অপরাধ দমনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা

সীমান্তে অপরাধ দমনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা

সুয়েব রানা : সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী লালাখাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ এপ্রিল দুপুরে লালাখাল বিওপি প্রাঙ্গণে আয়োজিত এই জনসচেতনতামূলক সভায় ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পিএসসি উপস্থিত ছিলেন।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।

সভায় লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পিএসসি বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা বিজিবির নাম ব্যবহার করে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, কেউ যদি বাহিনীর নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা দাবি করে তবে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সঠিক তথ্য ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিজিবি আপসহীন ভূমিকা পালন করবে।

একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিজিবি সদস্যদের কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে সীমান্ত সুরক্ষায় বিজিবির এই পদক্ষেপকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।

উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য স্থানীয় জনগণের মাঝে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করেছে। সীমান্ত অপরাধ প্রতিরোধে তারা বিজিবিকে সার্বিক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।