সুইডেনের স্কুলগুলো এখন ডিজিটাল পদ্ধতি বাদ দিয়ে আবার পুরোনো দিনের পড়াশোনায় ফিরছে। একসময় ক্লাসে ট্যাবলেট ও ল্যাপটপ ব্যবহার করায় সুইডেনের খুব প্রশংসা করা হতো। কিন্তু এখন দেশটি দেখছে, প্রযুক্তির ওপর বেশি নির্ভর করায় শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। এতে তাদের পড়ার দক্ষতা যেমন কমছে, তেমনি নষ্ট হচ্ছে মনোযোগ। এ ছাড়া সব শিক্ষার্থী সমান সুযোগও পাচ্ছে না। এসব সমস্যা সমাধান করতেই সুইডিশ সরকার এখন ডিভাইসের বদলে আবার বইয়ের ওপর জোর দিচ্ছে।
গত ১০ বছরে সুইডেন ডিজিটাল শিক্ষার ওপর অনেক বেশি গুরুত্ব দিয়েছিল। অনেক দেশের মতো তারাও স্কুলগুলোয় ল্যাপটপ, ট্যাবলেট ও বিভিন্ন অ্যাপ চালু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল ক্লাসরুমকে আধুনিক করা, যাতে শিক্ষার্থীদের ডিজিটাল ভবিষ্যতের জন্য দক্ষ করে তোলা যায়। আশা করা হয়েছিল, এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও আগ্রহী হবে। কেননা, তারা সব তথ্য সহজে হাতের কাছে পাবে।




