স্বর্ণের দামে বড় রেকর্ড, একদিনে বেড়েছে ৬ হাজারের বেশি | চ্যানেল আই অনলাইন

স্বর্ণের দামে বড় রেকর্ড, একদিনে বেড়েছে ৬ হাজারের বেশি | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এর আগে, গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২২ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা।

এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।