স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার টাকার বেশি | চ্যানেল আই অনলাইন

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার টাকার বেশি | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রভাবেই এ সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

সকালেই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ২৩ এপ্রিলও ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও দর কমল।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ভরিতে ১ হাজার ৮০৭ টাকা কমে ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে ১৫ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস।

নতুন দর অনুযায়ী, ২৩৩ টাকা কমে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা , ২৩৪ টাকা কমে ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ১৯০ টাকা , ১৭৫ টাকা কমে ১৮ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং ১১৬ টাকা কমে সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৮৩ টাকা।

বাজার পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে আবারও দর সমন্বয় হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।