হজযাত্রীদের জন্য সুখবর, বিমান টিকিটের দাম কমাল সরকার | চ্যানেল আই অনলাইন

হজযাত্রীদের জন্য সুখবর, বিমান টিকিটের দাম কমাল সরকার | চ্যানেল আই অনলাইন

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে হাজীদের সামগ্রিক ব্যয় কমাতে সৌদি আরবের সঙ্গে বিভিন্ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এতথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে, নিরাপদ ও হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। ২০২৬ সালের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৭ সালে আরও উন্নত ব্যবস্থাপনায় হজ পরিচালনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিনি জানান, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশি হাজীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

তিনি হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।