তেহরান, ১১ মার্চ – হরমুজ প্রণালিতে মাইন স্থাপন ইস্যুতে ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে তবে সেগুলো অবিলম্বে সরিয়ে নিতে হবে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, মাইন বসানো হয়ে থাকলে এবং তা না সরালে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে।
তবে তেহরান যদি মাইনগুলো সরিয়ে নেয় তবে তা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ট্রাম্পের এই বার্তার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপনকারী জাহাজগুলো ধ্বংস করছে। তিনি উল্লেখ করেন, অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান চালানো হচ্ছে এবং কোনোভাবেই হরমুজ প্রণালিকে সন্ত্রাসীদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে না। সেন্ট্রাল কমান্ড পরে দাবি করে, তারা ওই প্রণালির কাছে ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ ইরানের বেশ কিছু নৌযান ধ্বংস করেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রণালিতে ইরান মাইন বসাতে শুরু করেছে তবে তা এখনও ব্যাপক আকার ধারণ করেনি। একটি সূত্র জানায়, ইরানের হাতে এখনও বিপুল সংখ্যক ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে যা দিয়ে তারা জলপথে কয়েকশ মাইন ছড়িয়ে দিতে পারে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি বর্তমানে নৌবাহিনীর পাশাপাশি এই প্রণালির নিয়ন্ত্রণ করছে।
তাদের হাতে বিচ্ছিন্নভাবে মাইন স্থাপনকারী যান এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহারের সক্ষমতা রয়েছে। এর আগে আইআরজিসি সতর্ক করেছিল যে এই প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলা চালানো হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর থেকে জলপথটি কার্যত বন্ধ রয়েছে। এই পথে চলাচলের ঝুঁকির কারণে বর্তমান অবস্থাকে মৃত্যু উপত্যকা হিসেবে বর্ণনা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালি দিয়ে পাহারা দিয়ে পার করেনি। তবে গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালি নিরাপদ থাকবে এবং মাইন শনাক্ত করার জন্য তাদের কাছে অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে।
এস এম/ ১১ মার্চ ২০২৬






