তেহরান, ১০ মার্চ – ইরানের নিয়ন্ত্রণে থাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
সিবিএস নিউজকে ট্রাম্প জানান যে হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত থাকলেও হোয়াইট হাউস এটি দখলে নেওয়ার কথা বিবেচনা করছে এবং সেখানে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। রিপোর্ট লেখা পর্যন্ত ইরান প্রণালিটি বন্ধ করেনি। তবে দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো তেলের ট্যাংকার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হবে। এদিকে কয়েকদিনের মধ্যেই ইরানের সঙ্গে সংঘাতের অবসান হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি মনে করেন এই যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।
তিনি দাবি করেন ইরানের এখন কার্যকর কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই এবং তাদের যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তিও বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র এই সংঘাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ শিগগিরই শেষ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান বিষয়টি মূলত তার নিজস্ব পরিকল্পনার ওপর নির্ভর করছে এবং যুদ্ধ শেষ করার বিষয়টি তার চিন্তায় রয়েছে। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এর জবাবে ইরানও তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় তেহরানের ব্যাপক হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।
এস এম/ ১০ মার্চ ২০২৬





