হরিদাস চন্দ্রের রিমান্ড শুনানিতে যেসব বিষয় উঠে এল

হরিদাস চন্দ্রের রিমান্ড শুনানিতে যেসব বিষয় উঠে এল

গাইবান্ধার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার হরিদাস চন্দ্র তরনী দাসকে মুদ্রা পাচার ও মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্রকে গতকাল রোববার রাতে নিজের এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর সিআইডির পক্ষ থেকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলায় হরিদাস চন্দ্রকে আজ সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কে এম রাকিবুল হুদা।