কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন ক্যাটাগরিতে আর্থিক ও খাদ্য সহায়তা দেবে সরকার বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসব্যাপী আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি সংশ্লিষ্টদের প্রতি সঠিক তালিকা প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন এই সহায়তার আওতায় আসেন, তা নিশ্চিত করতে হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, কার্ডের মাধ্যমে তিন মাস ধরে প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়া হবে। পাশাপাশি ক্ষতির মাত্রা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে নগদ সহায়তা দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন ৭ হাজার ৫০০ টাকা, মধ্যম ক্ষতিগ্রস্তরা ৫ হাজার টাকা এবং স্বল্প ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন ২ হাজার ৫০০ টাকা করে।
প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে এই সহায়তা বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





