LATEST
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন ফরিদগঞ্জের শফিকুল ইসলাম শিক্ষক হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ এক দিনে আরও ৮ প্রাণহানি: হামের উপসর্গ নিয়ে বছরে প্রাণ গেল ১ হাজার ৩৭১ জনের রাজধানীর পল্লবীতে বাসে আগুন মোস্তাফিজুর রহমান টুলুর নেতৃত্বে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিল, অংশ নিলেন বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী। Princess Diana charity goes into administration ‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’
National

‘হাতকড়া’ নিয়ে আপনার যা জানা দরকার

‘হাতকড়া’ নিয়ে আপনার যা জানা দরকার

রাজনীতিতে কিছু শব্দ আছে, যা বলা হয় একজনের কবজির দিকে তাকিয়ে, কিন্তু তার আওয়াজ পৌঁছে যায় সারা দেশে। ‘হাতকড়া’ এমনই একটি শব্দ। ক্যালেন্ডারে কোনো বিশেষ তারিখ এগিয়ে এলে, কিংবা কারও ঘরে ফেরার গুঞ্জন উঠলে, শব্দটা হঠাৎ আবার মঞ্চে ফিরে আসে। কখনো আসে হুঁশিয়ারি হয়ে, কখনো প্রতিশ্রুতির ভঙ্গিতে। কে কাকে পরাবেন, সে হিসাব সময়ই মেলাবে। আমরা বরং দেখি, লোহার এই দুই আংটার নিজের জীবনটা কেমন কেটেছে। ইতিহাস বলছে, সেই জীবনে কান্না আছে, হাসিও আছে। জন্ম হয়েছিল ফ্যাশন হিসেবে শুনলে অবাক লাগবে, ইংরেজি ‘হ্যান্ডকাফ’ শব্দটা প্রথম ব্যবহার হয়েছিল ১৬৪০-এর দশকে, জামার হাতায় বাড়তি সাজ বোঝাতে। বন্দির কবজি আটকানোর যন্ত্র অর্থে শব্দটা ঢোকে আরও প্রায় পঞ্চাশ বছর পরে, ১৬৯০-এর দশকে। তবে যন্ত্রটা শব্দের চেয়ে অনেক পুরোনো। লন্ডনের সায়েন্স মিউজিয়াম গ্রুপের তথ্যমতে, ধাতুর তৈরি হাতকড়ার সবচেয়ে প্রাচীন নমুনা ব্রোঞ্জ ও লৌহযুগের। এআই দিয়ে সম্পাদিত ছবি। যে জিনিস একসময় হাতের শোভা বাড়াত, পরে সেটাই হয়ে উঠল হাত বেঁধে রাখার উপায়। রাজনীতির অভিধানেও এমন রূপান্তর মোটেই বিরল নয়। চিমনি বেয়ে পালালেন এক কাঠমিস্ত্রি সময়টা ১৭২৪ সাল, শহর লন্ডন। জ্যাক শেপার্ড ছিলেন কাঠমিস্ত্রি, পরে হয়ে ওঠেন চোর। কুখ্যাত নিউগেট কারাগার থেকে তিনি পালিয়েছিলেন দুবার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে, শেষবার তাকে মেঝের সঙ্গে শিকলে বেঁধে রাখা হয়েছিল। সেই শিকল ভেঙে তিনি চিমনি বেয়ে ওঠেন, একের পর এক খিল দেওয়া দরজা পেরিয়ে যান। তারপর সেলে ফিরে কম্বল নিয়ে আসেন, সেটাকে দড়ি বানিয়ে দেয়াল বেয়ে নেমে পড়েন। ছবি: সংগৃহীত। লন্ডনবাসী হাসল, হাততালিও দিল। কিন্তু গল্পের শেষটা করুণ। সে বছরের ১৬ নভেম্বর টাইবার্নের ফাঁসিকাঠে তাকে ঝোলানো হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের হিসাবে, সেদিন সেখানে প্রায় দুই লাখ মানুষ জড়ো হয়েছিল। পাঁচ বছরের তালা, এক ঘণ্টার খেলা ১৯০৪ সালের মার্চ, লন্ডন হিপোড্রোম। ‘হ্যান্ডকাফ কিং’ নামে খ্যাত হ্যারি হুডিনিকে চ্যালেঞ্জ দিল লন্ডনের এক দৈনিক। বার্মিংহামের এক কামার পাঁচ বছর খেটে এমন একটি কড়া বানিয়েছিলেন, যার তালা খোলা অসম্ভব বলে দাবি করা হয়েছিল। মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএস জানাচ্ছে, ঘণ্টাখানেক টানটান লড়াইয়ের পর হুডিনি কড়া থেকে মুক্ত হন। উল্লসিত দর্শকেরা তাকে কাঁধে তুলে নেয়। ‘হ্যান্ডকাফ কিং’ নামে খ্যাত হ্যারি হুডিনি। শিক্ষাটা পরিষ্কার: কড়া পরানো সবাই পারে, খুলতে পারাটাই আসল জাদু। যে শিকল মুখ খুলে দিল ১৯০৮ সালের ২৮ অক্টোবর, ব্রিটিশ হাউস অব কমন্সের লেডিস গ্যালারি। নারীদের তখন বসতে হতো লোহার এক জালির আড়ালে। মুরিয়েল ম্যাটার্স ও হেলেন ফক্স নিজেদের সেই জালির সঙ্গেই তালা দিয়ে আটকে ফেলেন। লন্ডন মিউজিয়ামের তথ্য অনুযায়ী, জালির স্ক্রু খুলে তাদের ছাড়াতে বেশ সময় লেগেছিল। সেই ফাঁকে ম্যাটার্স নারীর ভোটাধিকারের দাবিতে ভাষণ দিয়ে ফেলেন। এ কারণেই তাকে কমন্সে ‘বক্তৃতা দেওয়া প্রথম নারী’ বলা হয়। পুরস্কার হিসেবে পেলেন হলোওয়ে কারাগারে এক মাসের সাজা। এআই দিয়ে সম্পাদিত ছবি। যাকে চুপ করানোর জন্য শিকলের আয়োজন, সেই শিকলই তার হাতে মাইক্রোফোন তুলে দিল। আদালত বলল: প্রথম দর্শনেই অমানবিক ১৯৮০ সালের ২৯ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্ট প্রেম শংকর শুক্লা বনাম দিল্লি প্রশাসন মামলার রায় দেন। রায়ে বলা হয়, হাতকড়া প্রাথমিকভাবেই অমানবিক। তাই তা অযৌক্তিক, মাত্রাতিরিক্ত কঠোর এবং প্রথম দৃষ্টিতে স্বেচ্ছাচারী। আদালতের মতে, নিরাপত্তা নিশ্চিত করার অন্য পথ যেহেতু আছে, হাতকড়াকে রাখতে হবে শেষ উপায় হিসেবে। প্রসবকক্ষেও লোহার আংটা এবার সবচেয়ে কষ্টের অধ্যায়। যুক্তরাষ্ট্রে বছরের পর বছর অন্তঃসত্ত্বা বন্দিদের চিকিৎসার সময়, এমনকি সন্তান জন্মের সময়ও হাতকড়া আর পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছে। মানে, নবজাতকের প্রথম ছোঁয়ার ঠিক পাশেই থেকেছে লোহার ঠান্ডা আংটা। আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস বলেছে, এতে মা ও শিশু দুজনের স্বাস্থ্যই ঝুঁকিতে পড়ে। ২০১৮ সালের ফার্স্ট স্টেপ অ্যাক্ট ফেডারেল কারাগারে এই চর্চা নিষিদ্ধ করে, তবে কিছু ব্যতিক্রম রেখে দেয়। তার আগেই প্রায় দুই ডজন অঙ্গরাজ্য নিজেরা এটি নিষিদ্ধ করেছিল। যিনি পরালেন, শেষে তিনিও পরলেন ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডকে আটক করে পুলিশ। অভিযোগ ছিল, একটি দোকানে তিনি জাল ২০ ডলারের নোট দিয়েছেন। ফ্লয়েড রাস্তায় উপুড় হয়ে পড়ে ছিলেন, দুই হাত পেছনে কড়া দিয়ে বাঁধা। এক পুলিশ কর্মকর্তা তার ঘাড়ে হাঁটু চেপে রাখেন ৯ মিনিট ২৯ সেকেন্ড। তাতেই ফ্লয়েডের মৃত্যু হয়। এরপর বর্ণবৈষম্য ও পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডকে আটক করার দৃশ্য। ছবি: সংগৃহীত। প্রায় এক বছর পর, ২০২১ সালের ২০ এপ্রিল, জুরি ওই কর্মকর্তাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণার পর এক শেরিফ ডেপুটি তাকেও হাতকড়া পরিয়ে নিয়ে যান। চাবিটা কার পকেটে ইতিহাস দেখাচ্ছে, হাতকড়া কারও স্থায়ী বন্ধু নয়। আজ যে কড়া একজনের কবজিতে, কাল সেটা আরেকজনের অপেক্ষায় থাকে। জাদুকর জানতেন কড়া খোলার কৌশল, আদালত বুঝেছিলেন সংযমের দাম। আর রাজনীতি এখনো ঝনঝন শব্দেই মুগ্ধ। হাতকড়া আসলে কোনো প্রতিশ্রুতি নয়, এটি আইনি প্রক্রিয়ার একটি অংশ। আদালতের নির্দেশে থাকলে সেটা সুরক্ষা, আর মাইকের সামনে উচ্চারিত হলে নিছক হুমকি।

More in National

View all

Latest news