
হাসপাতালে ভর্তি কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া অভিনয়শিল্পী বিজয় চৌধুরী। অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে পরিবার। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী।
ফিওনা চৌধুরী তার বাবার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে লেখেন, “আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন।”
বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, “আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন। সকলের কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন রইল।”
ফিওনা আরও বলেন, “আল্লাহ যেন আমার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।”
জানা গেছে, বৃহস্পতিবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে মানিকগঞ্জের সিংগাইরে গিয়েছিলেন বিজয় চৌধুরী। সেখান থেকে ফেরার পথে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। পরে দ্রুত রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতে তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান বিজয় চৌধুরী। চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তি পায়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



