সাইফুল ইসলাম: মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রশিদ (৩৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম কাউন্নারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন। গ্রেপ্তার আব্দুর রশিদ পশ্চিম কাউন্নারা গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আব্দুর রশিদ যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তাঁর কোনো দলীয় পদ-পদবি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দেন এবং সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ৫ আগস্টের আগে আব্দুর রশিদ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সরকার পতনের পর তিনি দলীয় পরিচয় পরিবর্তন করে যুবদলের রাজনীতিতে সক্রিয় হন। তাঁদের আরও দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁর নেতৃত্বে ‘হায়না গ্যাং’ নামে একটি দল রয়েছে।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আব্দুর রশিদ নামে একজন মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা বলেন, ‘আব্দুর রশিদের যুবদলে কোনো পদ-পদবি নেই। ৫ আগস্টের পর অনেকেই যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন। তিনি আমাদের কোনো কর্মসূচিতে অংশ নিয়েছেন কি না, তা আমার জানা নেই। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।’



