LATEST
বিকাশকর্মীদের গুলি করে ‘৩ কোটি টাকা’ লুট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর কোমরে লুকানো ১৫টি পুঁটলি, ভেতরে প্রায় ১২ কোটি টাকার স্বর্ণ! এপিবিএনের জালে ধরা পড়ল ৩ চোরাকারবারি MS misdiagnosis: Nick Allen was diagnosed with FND after nearly a decade Black Caps v India: Why bowlers’ day three struggles could cost New Zealand far beyond Basin Reserve test আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
Top News

১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে

১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে

কারও অভিনয় মনে দাগ কাটে, কেউ হয়ে ওঠেন সময়ের প্রতীক, আবার কারও উপস্থিতিই সিনেমাকে দেয় আলাদা মাত্রা। কিন্তু একজন ভালো অভিনেতা আর একজন বড় চলচ্চিত্র তারকার মধ্যে পার্থক্য কোথায়? অভিনয়দক্ষতা, জনপ্রিয়তা, সৌন্দর্য, ব্যক্তিত্ব, নাকি পর্দায় উপস্থিতির সেই দুর্বোধ্য জাদু?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিশ্বের বিনোদনবিষয়ক প্রভাবশালী সাময়িকী ভ্যারাইটি প্রকাশ করেছে সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তারকার তালিকা। সেখানে এক নম্বরে জায়গা পেয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট, তৃতীয় চার্লি চ্যাপলিন। চতুর্থ জ্যাক নিকলসন, পঞ্চম ক্যাথরিন হেপবার্ন।

তালিকায় আছেন হলিউড, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সময়ের তারকারা। পুরোনো দিনের নির্বাক চলচ্চিত্রের শিল্পী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের জেনডায়া, টিমোথি শ্যালামে ও রবার্ট প্যাটিনসন—কেউ বাদ পড়েননি। ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র জায়গা পেয়েছেন বলিউডের শাহরুখ খান। তাঁর অবস্থান ৯২ নম্বরে।

তবে এটি কেবল জনপ্রিয়তা কিংবা বক্স অফিস সাফল্যের ভিত্তিতে তৈরি তালিকা নয়। ভ্যারাইটির পাঁচ সমালোচক—ওয়েন গ্লাইবারম্যান, গাই লজ, ড্যানিয়েল ডি’অ্যাডারিও, অ্যালিসন হারম্যান ও আরামাইড টিনুবু—তারকাদের মূল্যায়নে গুরুত্ব দিয়েছেন অভিনয়শৈলী, জনপ্রিয়তা, সাংস্কৃতিক প্রভাব, ইতিহাসে তাঁদের অবস্থান এবং পর্দায় দর্শককে মুগ্ধ করার ক্ষমতাকে। তাঁদের বিবেচনায়, ভালো অভিনেতা হলেই কেউ চলচ্চিত্র তারকা হয়ে ওঠেন না। তারকাখ্যাতির জন্য প্রয়োজন এমন এক আকর্ষণ, যা দর্শককে পর্দার দিকে টেনে রাখে।

এখানে তারকাখ্যাতির কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা নেই। কেউ অভিনয়ের জাদুতে, কেউ ব্যক্তিত্বে, কেউ আবার সিনেমার ইতিহাস বদলে দিয়ে জায়গা করে নিয়েছেন।

সিনেমার দৃশ্যে মেরিলিন মনরো। আইএমডিবি

এক নম্বরে কেন মেরিলিন মনরো
হলিউডের ইতিহাসে মেরিলিন মনরোর মতো তারকা খুব বেশি আসেননি। ১৯৫০-এর দশকে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। স্বর্ণকেশী চুল, আবেদনময়ী উপস্থিতি, মোহময় হাসি—সব মিলিয়ে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল এক অনন্য তারকাচিত্র। কিন্তু ভ্যারাইটির মূল্যায়নে মনরো কেবল সৌন্দর্য কিংবা যৌন আবেদনের কারণে শীর্ষে নন।
১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুর ছয় দশকের বেশি সময় পরও তাঁর জনপ্রিয়তা কমেনি; বরং নতুন প্রজন্মের কাছেও তিনি হয়ে উঠেছেন আগ্রহের বিষয়।

ভ্যারাইটির সেরা ১০০ মুভি তারকামেরিলিন মনরোহামফ্রে বোগার্টচার্লি চ্যাপলিনজ্যাক নিকলসনক্যাথরিন হেপবার্নসিডনি পোয়াটিয়েমার্লন ব্র্যান্ডোটম ক্রুজতোশিরো মিফুনেবারব্রা স্ট্রাইস্যান্ডক্লিন্ট ইস্টউডক্যারি গ্রান্টজুলিয়া রবার্টসজেমস ডিনক্লার্ক গেবলবেটি ডেভিসটম হ্যাঙ্কসইনগ্রিড বার্গম্যানজন ওয়েইনডেনজেল ওয়াশিংটনরবার্ট রেডফোর্ডগ্রেটা গার্বোশন কনারিএলিজাবেথ টেলরহ্যারিসন ফোর্ডঅড্রে হেপবার্নমেরিল স্ট্রিপজেমস স্টুয়ার্টব্র্যাড পিটগ্রেস কেলিপল নিউম্যানআল পাচিনোজুডি গারল্যান্ডস্পেনসার ট্রেসিভিভিয়েন লিজেমস ক্যাগনিক্যাথরিন দেন্যুভলিওনার্দো ডিক্যাপ্রিওরুডলফ ভ্যালেনটিনোজেন ফন্ডাফ্রেড অ্যাস্টেয়ার ও জিঞ্জার রজার্সডাস্টিন হফম্যানমার্লেন ডিট্রিখজুলি অ্যান্ড্রুজস্টিভ ম্যাককুইনরবিন উইলিয়ামসশার্লি টেম্পলওয়ারেন বিটিমার্সেলো মাস্ত্রোইয়ান্নিডায়ান কিটনকার্ক ডগলাসজোয়ান ক্রফোর্ডব্রুস লিরবার্ট ডি নিরোমার্ক্স ব্রাদার্সজন ট্রাভোল্টাজোডি ফস্টারজিন কেলিআর্নল্ড শোয়ার্জনেগারসোফিয়া লরেনএলভিস প্রিসলিঅরসন ওয়েলসফে ডানাওয়েরাসেল ক্রোমাইকেল কেইনউইল স্মিথরবার্ট মিচামড্যানিয়েল ডে-লুইসডরোথি ড্যান্ড্রিজজ্যাক লেমনম্যাট ডেমননিকোল কিডম্যানবারবারা স্ট্যানউইকরবার্ট ডাউনি জুনিয়রপাম গ্রিয়ারবার্ট ল্যাঙ্কাস্টাররায়ান গসলিংগ্রেগরি পেকডিভাইনশন পেনলিভ উলমানমরগান ফ্রিম্যানরবার্ট প্যাটিনসনকেট উইন্সলেটবার্ট রেনল্ডসটিমোথি শ্যালামেহুপি গোল্ডবার্গলিলিয়ান গিশনিকোলাস কেজলরেন বাকলক্রিস্টেন স্টুয়ার্টশাহরুখ খানহোয়াকিন ফিনিক্সএমা স্টোনফিলিপ সিমুর হফম্যানএডি মারফিঅ্যালাঁ দেলোঁজেনডায়াসিলভেস্টার স্ট্যালোনহেনরি ফন্ডা

ভ্যারাইটির সমালোচকদের মতে, মনরোর অভিনয়প্রতিভা দীর্ঘদিন তাঁর গড়ে তোলা গ্ল্যামারাস ভাবমূর্তির আড়ালে ঢাকা ছিল। ‘জেন্টলমেন প্রেফার ব্লন্ডস’, ‘সাম লাইক ইট হট’ ও ‘দ্য মিসফিটস’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় দেখলে বোঝা যায়, তিনি প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি দক্ষ অভিনেত্রী ছিলেন।

সিনেমার দৃশ্যৈ হামফ্রে বোগার্ট। আইএমডিবি

বিশেষ করে ‘জেন্টলমেন প্রেফার ব্লন্ডস’ সিনেমায় লরেলাই লির চরিত্রে তাঁর অভিনয় শুধু সৌন্দর্যের প্রদর্শনী ছিল না। চরিত্রটির সরলতা, বুদ্ধিমত্তা ও হাস্যরসের মিশ্রণ মনরোর অভিনয়ক্ষমতার পরিচয় দেয়। আবার ‘সাম লাইক ইট হট’-এ কমেডির যে সহজাত দক্ষতা দেখিয়েছেন, তা আজও আলোচিত।

মনরোর তারকাখ্যাতির আরেকটি দিক হলো, তিনি নিজেই নিজের একটি চরিত্র তৈরি করেছিলেন। পর্দার মেরিলিন আর বাস্তবের নর্মা জিনের মধ্যে ছিল বিস্তর পার্থক্য। ভ্যারাইটির চোখে, সেই নির্মিত পরিচয়ও ছিল এক অসাধারণ অভিনয়। এ কারণেই তাঁকে শুধু একটি সময়ের তারকা নয়, চিরকালীন চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে।

দ্বিতীয় বোগার্ট, তৃতীয় চ্যাপলিন
দ্বিতীয় স্থানে রয়েছেন হামফ্রে বোগার্ট। হলিউডের স্বর্ণযুগের এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল সহজে নয়। একসময় তাঁকে মূলত অপরাধী ও নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হতো। চল্লিশের কোঠায় পৌঁছে তিনি পান প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ। এরপরই তৈরি হয় হলিউডের অন্যতম স্মরণীয় পুরুষ তারকার পরিচয়।

‘কাসাব্লাঙ্কা’, ‘হাই সিয়েরা’ ও ‘দ্য মল্টিজ ফ্যালকন’ তাঁর অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সিনেমা। ভ্যারাইটি বিশেষভাবে উল্লেখ করেছে, তাঁর মধ্যে ছিল পৌরুষ, বিষণ্নতা, বিদ্রোহী মনোভাব ও মানবিকতার অদ্ভুত মিশ্রণ। তালিকায় তাঁর জন্য অবশ্যদ্রষ্টব্য সিনেমা হিসেবে রাখা হয়েছে ‘কাসাব্লাঙ্কা’।

চার্লি চ্যাপলিন

তৃতীয় স্থানে চার্লি চ্যাপলিন। নির্বাক চলচ্চিত্রের এই কিংবদন্তি শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রের ভাষা তৈরির অন্যতম কারিগর। তাঁর সৃষ্টি লিটল ট্রাম্প চরিত্রটি বিশ্বজুড়ে পরিচিত। ছোট গোঁফ, বোলার হ্যাট, ঢিলেঢালা পোশাক আর অদ্ভুত হাঁটার ভঙ্গি—সব মিলিয়ে চরিত্রটি হয়ে উঠেছিল সিনেমার ইতিহাসের অন্যতম পরিচিত প্রতীক।

চ্যাপলিনের বিশেষত্ব ছিল, সংলাপ ছাড়াই দর্শককে হাসানো ও কাঁদানোর ক্ষমতা। ‘দ্য গোল্ড রাশ’, ‘সিটি লাইটস’ ও ‘মডার্ন টাইমস’ তাঁর প্রতিভার প্রমাণ। ভ্যারাইটির তালিকায় তাঁর জন্য নির্বাচিত হয়েছে ‘দ্য গোল্ড রাশ’।

চতুর্থ স্থানে জ্যাক নিকলসন। ‘ওয়ান ফ্লু ওভার দ্য কুকুজ নেস্ট’, ‘দ্য শাইনিং’ ও ‘চায়নাটাউন’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি তৈরি করেছেন এক স্বতন্ত্র পরিচয়। তাঁর চোখের চাহনি, বাঁকা হাসি ও বিদ্রোহী ব্যক্তিত্ব তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। ভ্যারাইটির ভাষ্যে, নিকলসন হলিউডের শেষ বড় বিদ্রোহী তারকাদের একজন।

পঞ্চম স্থানে ক্যাথরিন হেপবার্ন। অভিনয়ের জন্য চারটি অস্কার জেতা এই অভিনেত্রী হলিউডের ইতিহাসে অনন্য। রাজকীয় ব্যক্তিত্ব, দৃঢ়চেতা মনোভাব ও স্বতন্ত্র উচ্চারণ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে তাঁর অভিনয় কেবল গাম্ভীর্যে আটকে ছিল না। কমেডি থেকে গভীর আবেগের চরিত্র—সবখানেই দেখিয়েছেন দক্ষতা।

সিডনি পোয়াটিয়ে। আইএমডিবি

প্রথম দশে আরও যাঁরা
ভ্যারাইটির সেরা দশে ষষ্ঠ স্থানে রয়েছেন সিডনি পোয়াটিয়ে। হলিউডে কৃষ্ণাঙ্গ অভিনেতাদের প্রতিনিধিত্বের ইতিহাসে তাঁর অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ‘ইন দ্য হিট অব দ্য নাইট’, ‘গেস হুজ কামিং টু ডিনার’ ও ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি শুধু নিজের অবস্থানই তৈরি করেননি, পরবর্তী প্রজন্মের কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীদের জন্যও পথ খুলে দিয়েছেন।

সপ্তম স্থানে মার্লন ব্র্যান্ডো। অভিনয়ে বাস্তববাদী ধারার অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত এই অভিনেতা ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ ও ‘দ্য গডফাদার’-এ দুই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে ইতিহাস তৈরি করেছেন। প্রথম সিনেমায় তরুণ শ্রমিক, দ্বিতীয়টিতে বয়সের ভারে ন্যুব্জ মাফিয়া ডন—দুটি চরিত্রেই তাঁর অভিনয় অসাধারণ।

অষ্টম স্থানে টম ক্রুজ। চার দশকের বেশি সময় ধরে হলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম বড় মুখ তিনি। ‘টপ গান’, ‘রেইন ম্যান’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘ম্যাগনোলিয়া’—বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করে প্রমাণ করেছেন, তিনি শুধু অ্যাকশন তারকা নন। ঝুঁকিপূর্ণ স্টান্ট নিজে করার প্রবণতাও তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

নবম স্থানে জাপানি অভিনেতা তোশিরো মিফুনে। পরিচালক আকিরা কুরোসাওয়ার সঙ্গে তাঁর ১৬টি সিনেমায় কাজ করার ইতিহাস চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেতা-পরিচালক জুটি হিসেবে বিবেচিত। ‘সেভেন সামুরাই’, ‘থ্রোন অব ব্লাড’ ও ‘ইয়োজিম্বো’তে তাঁর অভিনয় আন্তর্জাতিক চলচ্চিত্রে জাপানি অভিনয়শৈলীর প্রভাব বাড়িয়েছে।

দশম স্থানে বারব্রা স্ট্রাইস্যান্ড। সংগীতশিল্পী হিসেবেও তাঁর বিশ্বজোড়া পরিচিতি থাকলেও সিনেমায় তাঁর অবদান কম নয়। ‘ফানি গার্ল’ দিয়ে অস্কারজয়ী অভিষেক হয়েছিল তাঁর। ‘দ্য ওয়ে উই ওয়্যার’ ও ‘দ্য গিল্ট ট্রিপ’-এর মতো সিনেমায়ও দেখিয়েছেন অভিনয়ের দক্ষতা। ভ্যারাইটির মতে, ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি ছিল প্রবল ও স্বতন্ত্র।

শাহরুখ খান

তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
তালিকার ৯২ নম্বরে শাহরুখ খান। একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন বলিউডের এই সুপারস্টার। ভ্যারাইটি তাঁর ক্যারিয়ারকে দেখেছে চার দশকের দীর্ঘ এক তারকাযাত্রা হিসেবে। ৯০টির বেশি সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকের কাছে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন শাহরুখ। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দেবদাস’-এর মতো সিনেমায় রোমান্টিক নায়ক হিসেবে তৈরি করেন আলাদা পরিচয়। তাঁর অভিনয়ের বিশেষত্ব হিসেবে ভ্যারাইটি উল্লেখ করেছে বড় পরিসরের নাটকীয়তা, আত্মবিশ্বাসী শোম্যানশিপ এবং সহজাত কৌতুকবোধকে।

সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন শাহরুখ। রোমান্টিক নায়ক থেকে কমেডি, চরিত্রাভিনয় এবং সাম্প্রতিক সময়ে অ্যাকশন তারকা—বিভিন্ন পরিচয়ে হাজির হয়েছেন তিনি। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্য তাঁর নতুন অ্যাকশন-তারকা পরিচয়কে আরও শক্তিশালী করেছে।

শাহরুখের জন্য ভ্যারাইটির অবশ্যদ্রষ্টব্য সিনেমা ‘দেবদাস’। সঞ্জয় লীলা বানসালির এই সিনেমায় তাঁর অভিনয়, ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিতের সঙ্গে রসায়ন এবং আবেগঘন উপস্থিতি তাঁকে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত করেছে।

ভারতীয় সিনেমার বিশাল বাজার, আন্তর্জাতিক দর্শক ও বলিউডের জনপ্রিয়তা বিবেচনায় শাহরুখের অবস্থান নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে তাঁকে একমাত্র ভারতীয় হিসেবে অন্তর্ভুক্ত করা যেমন সম্মানের, তেমনি ভারতীয় চলচ্চিত্রের বিস্তৃত তারকাভান্ডার থেকে আর কারা বাদ পড়লেন, সেই প্রশ্নও সামনে আসে।

টিমোথি শ্যালামে। এএফপি

নতুন প্রজন্মের তারকারাও আছেন
তালিকায় তরুণ প্রজন্মের তারকাদের উপস্থিতিও উল্লেখযোগ্য। ৮৩ নম্বরে রবার্ট প্যাটিনসন। ‘টোয়াইলাইট’ সিরিজ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও পরে তিনি বেছে নিয়েছেন নানা ধরনের চ্যালেঞ্জিং চরিত্র। ‘গুড টাইম’, ‘দ্য লাইটহাউস’ ও ‘দ্য ব্যাটম্যান’-এ তাঁর অভিনয় ক্যারিয়ারের ভিন্ন দিক তুলে ধরেছে।

৮৬ নম্বরে টিমোথি শ্যালামে। বয়স মাত্র ৩০ হলেও ইতিমধ্যে তাঁর অভিনয়জীবনে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ। ‘কল মি বাই ইয়োর নেম’, ‘ডিউন’, ‘লিটল উইমেন’ ও ‘মার্টি সুপ্রিম’-এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভ্যারাইটির মতে, তাঁর অভিনয়ে চরিত্রের অদ্ভুতুড়ে ও জটিল দিকগুলো তুলে ধরার প্রবণতা রয়েছে।

৯৮ নম্বরে জেনডায়া। ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ থেকে ‘ডিউন’ এবং ‘চ্যালেঞ্জার্স’—বিভিন্ন ধরনের সিনেমায় নিজের অভিনয়ক্ষমতা দেখিয়েছেন তিনি। ভ্যারাইটি মনে করে, ‘চ্যালেঞ্জার্স’-এ তাঁর অভিনয় তাঁকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মজার বিষয়, তাঁকে টম ক্রুজ বা মেরিলিন মনরোর মতো কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় রাখা হয়েছে, যদিও তাঁর চলচ্চিত্রজীবন এখনো তুলনামূলকভাবে ছোট।

৯৪ নম্বরে এমা স্টোন। ‘লা লা ল্যান্ড’, ‘দ্য ফেবারিট’, ‘পুওর থিংস’ ও ‘বুগোনিয়া’র মতো সিনেমায় অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। ৭৭ নম্বরে রায়ান গসলিং। ‘দ্য নোটবুক’, ‘ড্রাইভ’, ‘লা লা ল্যান্ড’ ও ‘বার্বি’তে তাঁর অভিনয় তাঁকে ভিন্ন ভিন্ন প্রজন্মের দর্শকের কাছে জনপ্রিয় করেছে।

১০০ বছর পরও মনরো–রহস্য

তালিকায় চমক, বিতর্ক ও বাদ পড়ার প্রশ্ন
ভ্যারাইটির তালিকায় এমন কিছু নাম রয়েছে, যাঁদের অবস্থান নিয়ে আলোচনা তৈরি হতে পারে। ৭৯ নম্বরে আছেন ডিভাইন। আশির দশকের আগে থেকেই বিকল্প ধারার সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া এই শিল্পী পরিচালক জন ওয়াটার্সের সিনেমায় অভিনয়ের জন্য বিশেষভাবে আলোচিত। ‘পিংক ফ্লেমিঙ্গো’, ‘ফিমেল ট্রাবল’ ও ‘হেয়ারস্প্রে’ তাঁর উল্লেখযোগ্য কাজ।
ডিভাইনের অবস্থান এডি মারফি (৯৬), সিলভেস্টার স্ট্যালোন (৯৯) এবং আরও কয়েকজন বাণিজ্যিকভাবে সফল তারকার চেয়ে ওপরে। এতে বোঝা যায়, ভ্যারাইটি কেবল বক্স অফিস কিংবা জনপ্রিয়তার হিসাব করেনি; সিনেমার সংস্কৃতিতে একজন শিল্পীর প্রভাবও বিবেচনায় নিয়েছে।
এদিকে ১০০ নম্বরে হেনরি ফন্ডা, ৯৯ নম্বরে সিলভেস্টার স্ট্যালোন এবং ৯৮ নম্বরে জেনডায়া। তাঁদের অবস্থানও আলোচনার জন্ম দিতে পারে। বিশেষ করে স্ট্যালোনের মতো ‘রকি’ ও ‘র‍্যাম্বো’র অভিনেতার তালিকার একেবারে নিচের দিকে থাকা অনেক দর্শকের কাছে বিস্ময়কর মনে হতে পারে।
তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাদ পড়া তারকাদের নিয়েও আলোচনা শুরু হয়েছে। জ্যাকি চ্যান, কিয়ানু রিভস, জনি ডেপ, জিম ক্যারি, স্যামুয়েল এল জ্যাকসন, জিন হ্যাকম্যানসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার নাম না থাকায় প্রশ্ন তুলেছেন চলচ্চিত্রপ্রেমীরা।

More in Top News

View all

Latest news