সাইফুল ইসলাম : ১১টি মাদক মামলা থাকার পরও থেমে নেই শাকিল আহমেদ সাগর। তাঁর কাছ থেকে আবারও ২৭ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই অভিযানে মানিক মিয়া নামে আরও একজনকে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের কাছ থেকে মোট ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করেছে পুলিশ, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো। এর আগে রাত ৮টা ৫০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডী এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল আহমেদ সাগর (২৬) বড় সুরুন্ডী এলাকার ইজ্জত আলীর ছেলে। অপরজন মানিক মিয়া (২৩) একই এলাকার লাল মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি দল বড় সুরুন্ডী এলাকায় অভিযান চালায়। এ সময় শাকিল ও মানিককে আটক করা হয়। পরে শাকিলের দখল থেকে ২৭ গ্রাম এবং মানিকের দখল থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, শাকিল আহমেদ সাগরের বিরুদ্ধে এর আগে ১১টি মাদক মামলা রয়েছে। এরপরও তাঁর কাছ থেকে ফের হেরোইন উদ্ধারের ঘটনায় এলাকায় মাদক কারবার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

