
ঢাকা, ২৬ এপ্রিল – খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তরের শীর্ষ পদে পদায়ন করেছে সরকার। জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য নিয়োগের মধ্যে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন দিল আফরোজ এবং পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগের নতুন মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।
দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক এবং হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের রেজিস্টার জেনারেল করা হয়েছে। এছাড়া তিনটি সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬






