
ঢাকা, ১৮ আগস্ট – চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ১৭ আগস্ট একদিনেই দেশে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকার রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে ৩২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।
এছাড়া চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই সময়ে দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।
সংশ্লিষ্টরা মনে করছেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
এনএন/ ১৮ আগস্ট ২০২৬



