
ঢাকা, ১৯ আগস্ট – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮ জন হাম ও এর বিভিন্ন উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এক প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২ শিশু এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯২২ জনের মৃত্যু হয়েছে।
সরকারি তথ্যমতে, এদের মধ্যে ৮২৩ জন উপসর্গ নিয়ে এবং ৯৯ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তথ্য অনুযায়ী, গত একদিনে সারা দেশে নতুন করে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৩১ জনের শরীরে রোগের উপসর্গ প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১১ জনের দেহে হামের লক্ষণ দেখা গেছে এবং ১৮ হাজার ৭৬ জনের রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে এ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৮০৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬



