<![CDATA[
২৪ ঘণ্টায় ৪২ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ। একই সঙ্গে বিপুল পরিমাণ কারেন্ট জাল এবং ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
নৌ পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্ব ৬টি স্পিডবোট নিয়ে পদ্মা ও মেঘনায় অভিযান চালানো হয়। সেই অভিযানে ৪২ জেলেকে আটক এবং একই সঙ্গে বিপুল পরিমাণ জাল ও জাটকা জব্দ করে নৌ পুলিশ। এ সময় পদ্মা ও মেঘনাবেষ্টিত দুর্গমচর রাজরাজেশ্বরের শিলারচর এলাকায় স্থাপিত একটি অস্থায়ী মাছের আড়ত গুড়িয়ে দেয় নৌ পুলিশ।
আরও পড়ুন: রায়পুরে সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ
পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত একমাসে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলে সব মিলিয়ে ৬০০ জেলেকে আটক করেছে। একই সঙ্গে প্রায় সাড়ে ৭ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং সোয়া ৯ হাজার কেজি জাটকা জব্দ করেছে।
তিনি আরও জানান, বিগত বছরের চেয়ে এবার অভিযান আরও জোরদার করা হয়েছে। ফলে অতীতের রেকর্ড ভেঙে দ্বিগুণেরও বেশি জেলে আটক এবং জাল ও জাটকা জব্দ করতে সক্ষম হয়েছে নৌ পুলিশ।
জাটকা সংরক্ষণে মার্চ ও এপ্রিল এ দুই মাস চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ছয়টি অভয়াশ্রমে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
]]>



