
ছবি: সংগৃহীত
সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ২৫তম ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬’ আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) থেকে ঢাকার পূর্বাচলে শুরু হচ্ছে। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বাণিজ্যমেলা প্রাঙ্গণ) চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এবারের আয়োজনে একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে ‘২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬’ এবং ‘৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’।
প্রদর্শনীতে টেক্সটাইল ও পোশাকশিল্পের মেশিনারি, সুতা, ফেব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস এবং আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি ২ হাজার ২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়নে অংশ নেবে। প্রদর্শনীতে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থী আসবেন বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনীর পাশাপাশি চারটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে টেক্সটাইল শিল্পের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, টেকসই উৎপাদন এবং বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।
এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’। সেখানে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি, ক্লাউড সিস্টেম, ইআরপি ও ডিজিটাল মেশিনারিসহ প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার বিভিন্ন সমাধান তুলে ধরা হবে।
আয়োজকেরা বলছেন, প্রদর্শনীটি দেশি-বিদেশি ক্রেতা, উৎপাদক ও সরবরাহকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে নতুন প্রযুক্তি ও কাঁচামাল সংগ্রহ, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পাবেন সংশ্লিষ্টরা।
আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

