৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট | চ্যানেল আই অনলাইন

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট | চ্যানেল আই অনলাইন

স্পেনে পাইলট প্রশিক্ষণ চলাকালে বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন মালদ্বীপের ২৭ বছর বয়সী এক শিক্ষার্থী পাইলট। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ২৬ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষকও গুরুতর আহত হয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় মালদ্বীপের ওই শিক্ষার্থী পাইলটের মাথায় আঘাত লাগে। তার গোড়ালি ও পায়েও চিড় ধরেছে। অপরদিকে স্প্যানিশ সংবাদপত্র ‘লা রিওহা’ জানিয়েছে, ফ্লাইট প্রশিক্ষকের মাথা ও ঘাড়ের মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি প্রায় ৩০০ ফুট উচ্চতা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ভিয়ানা শহরের ‘উলাগোসা’ এলাকার একটি কৃষিজমিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল দুই ইঞ্জিনবিশিষ্ট টেকনাম পি২০০৬টি। বিমানটি ‘ফ্ল্যাইবাই’ ফ্লাইট স্কুল পরিচালনা করছিল।

দুর্ঘটনার সময় বিমানটি আগোনসিলো বিমানবন্দরে ‘টাচ-অ্যান্ড-গো’ প্রশিক্ষণ মহড়া চালাচ্ছিল। এ প্রশিক্ষণে বিমান রানওয়েতে অবতরণ করে আবার উড্ডয়ন করে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিমানে থাকা ফ্লাইট প্রশিক্ষকের ৭০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। আর মালদ্বীপের ওই শিক্ষার্থী পাইলট ছিলেন প্রশিক্ষণের চূড়ান্ত পর্যায়ে।

এদিকে শিক্ষার্থী পাইলটের জাতীয়তা নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ‘লা রিওহা’ তাকে মালদ্বীপের নাগরিক হিসেবে উল্লেখ করেছে। তবে অন্য দুটি সংবাদমাধ্যমে তাকে পাকিস্তানি নাগরিক বলা হয়েছে। মালদ্বীপের নাগরিক হিসেবে উল্লেখ করা প্রতিবেদনটিই দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ ঘটনায় মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে মন্ত্রণালয়ের মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্পেনের বেসামরিক বিমান চলাচল দুর্ঘটনা ও ঘটনা তদন্ত কমিশন (সিআইএআইএসি)। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।