৪ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় কমিটি – DesheBideshe

৪ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় কমিটি – DesheBideshe


এলএনজি আমদানি

ঢাকা, ২ সেপ্টেম্বর – দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট বা এমএমবিটিইউ ২৩.৯৮ থেকে ২৮.০৩ ডলার দরে এই এলএনজি কেনা হবে।

মোট চার কার্গোর মধ্যে তিনটি আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এবং একটি সরকার টু সরকার ব্যবস্থায় সৌদি আরবের আরামকোর ট্রেডিং শাখা থেকে কেনা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই প্রস্তাবগুলো কমিটির কাছে উপস্থাপন করে। আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৭.৫৪ ডলার দরে একটি কার্গো কেনা হবে যা ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে।

বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড ১ থেকে ২ অক্টোবরের মধ্যে দ্বিতীয় কার্গোটি সরবরাহ করবে যার দাম পড়বে ২৮.০৩ ডলার। এছাড়া ৫ থেকে ৬ অক্টোবরের মধ্যে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে ২৬.৬৬৮৮ ডলার দরে তৃতীয় কার্গোটি কেনা হবে।

এর পাশাপাশি আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে ২৩.৯৮ ডলার দরে আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে যা ১০ সেপ্টেম্বর সরবরাহের কথা রয়েছে। মূলত দেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ঘাটতি পূরণ এবং বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬