পরে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৭ দিন বা আড়াই মাসের মধ্যে গত ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন। আজ পিএসসি কার্যালয়ে তাঁদের মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু হলো।
এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও উল্লেখযোগ্যসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদগুলোর বিপরীতে চূড়ান্ত সুপারিশ পাবেন।
পিএসসি সূত্রে জানা গেছে, অতীতের বিসিএসগুলোতে পুরো প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লেগে যেত। পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ—প্রতিটি ধাপেই দীর্ঘ সময় অপেক্ষায় থাকতেন চাকরিপ্রার্থীরা। এই দীর্ঘসূত্রতা নিরসনে ৫০তম বিসিএস থেকে এক বছরের মধ্যে একটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করে পিএসসি। ক্যালেন্ডার অনুযায়ী এ বছরের ২৫ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করার কথা পিএসসির।




