ললিতার ওজন ২ হাজার ২৬৮ কেজি। এটি একটি অর্কা তিমি। ১৯৭০ সালে তিমিটিকে সাগর থেকে আটক করা হয়। মিয়ামি সিকুয়ারিয়ামের দর্শনার্থীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ললিতা। নানা খেলা দেখিয়ে তাঁদের মনোরঞ্জন করত সেটি। মিয়ামি সিকুয়ারিয়ামের ব্যবস্থাপনায় রদবদলের পর ২০২২ সালের মার্চে ললিতাকে অবসরে পাঠানো হয়।
মিয়ামি সিকুয়ারিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যে ললিতাকে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের আবাসে মুক্ত করে দেওয়া হবে। এ জন্য পশুপাখিদের সুরক্ষায় কাজ করা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস অব ললিতা’র সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। তবে তিমিটিকে সাগরে ফেরাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অনুমতিও লাগবে।



