নিসর্গ ব্যান্ডের নতুন মৌলিক গান ‘নীরব ঠিকানা’ আসছে – DesheBideshe

নিসর্গ ব্যান্ডের নতুন মৌলিক গান ‘নীরব ঠিকানা’ আসছে – DesheBideshe

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – জনপ্রিয় তরুণ ব্যান্ড ‘নিসর্গ’ শ্রোতাদের জন্য নিয়ে আসছে তাদের নতুন মৌলিক গান। প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীর আবেগকে উপজীব্য করে তৈরি এই গানটির শিরোনাম রাখা হয়েছে ‘নীরব ঠিকানা’। গানটিতে মূল কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ।

গানটির কথা লেখা ও সুর করার দায়িত্বে ছিলেন ব্যান্ডের ড্রামার এবং ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। এছাড়া গানটির ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস এবং বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু। ব্যান্ডের সদস্যরা গানটি নিয়ে বেশ আশাবাদী। তারা মনে করেন, ‘নীরব ঠিকানা’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এবং সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে।

খুব শীঘ্রই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি স্পটিফাই ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি উপভোগ করা যাবে। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত হয় নিসর্গ ব্যান্ড। শুরু থেকেই মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে দলটি। দেশে ও দেশের বাইরে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তারা ইতিমধ্যে নিজস্ব একটি শ্রোতাগোষ্ঠী গড়ে তুলেছে। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন সাইদুল ইসলাম সোহাগ, লিহাত আরা লেমিস, তাওহীদুল ইসলাম শাকিল, তানজিম আহমেদ দিপু এবং মো. সেলিম আহমেদ।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬